ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইমরানকে বিশেষ চিঠি মোদীর

ভূস্বর্গ খ্যাত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিবাদ নতুন নয়। ২০১৯ সালের ৫ আগস্ট নয়াদিল্লি কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করলে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে। দীর্ঘ সেই হিমশীতল অবস্থার পর মঙ্গলবার (২৩ মার্চ) পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠি পাঠিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) ইমরান খান বলেছিলেন, ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে তার সরকার। তবে শান্তি ফেরানোর প্রথম উদ্যোগ ভারতকেই নিতে হবে। এর কদিনের মাথায় ২৩ মার্চ মঙ্গলবার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে ইমরান খানের কাছে চিঠি পাঠান মোদী।


চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় দিবসে সব নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী ভারত। তবে এজন্য সন্ত্রাস ও বৈরিতা কাটিয়ে পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি করা জরুরি।


করোনা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের প্রচেষ্টারও প্রশংসা করেন মোদী।


আপাতত দর্শনে কেবল কয়েক লাইনের এই চিঠি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। কেননা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা অটুট রাখতে দুই দেশের সুসম্পর্ক জরুরি। সেই লক্ষ্যে অতীতে অটল বিহারী বাজপেয়ী এগোনোর চেষ্টা করেছিলেন। একই পথ ধরেই হাঁটতে চেয়েছিলেন মনমোহন সিং। বাজপেয়ী লাহোরে বাসযাত্রার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়িয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন।


মনমোহন সিং এক ধাপ এগিয়ে বলেছিলেন, সীমান্তকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হোক। ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে বাণিজ্য চালু হোক। কারণ, আগামী দিনে দুই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা স্থাপনে অনুঘটকের ভূমিকা নেবে।


নরেন্দ্র মোদীও কূটনৈতিক সম্পর্কের বাইরে গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ব্যক্তিগত সখ্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে এক কাশ্মীর ইস্যুতে সব চাপা পড়ে যায়।


এখন ইমরান খানের শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়ার পর মোদীর এই চিঠিতে দুই দেশের সম্পর্কে গুণগত পরিবর্তন বয়ে আনবে কিনা সেটা সময়ই বলে দেবে।

ads
ads
ads

Our Facebook Page

↑